ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরো ১০ দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া সময়সীমা আবারো বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি এই সময়সীমা ১০ দিন বাড়িয়ে দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের জ্বালানি কেন্দ্রগুলো ধ্বংসের মুখোমুখি হবে।
২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং জ্বালানি ও সারের আকাশছোঁয়া দামের কারণে বিশ্ব অর্থনীতিতে আঘাত হেনেছে, যা মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প হুমকি দেন যে, ইরান যদি কোনো চুক্তিতে না আসে, তবে তিনি দেশটির ওপর চাপ বাড়াবেন। শুক্রবার সকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান যে, তিনি ইরানের জ্বালানি কেন্দ্রগুলোতে হামলার হুমকি ১০ দিনের জন্য স্থগিত রাখবেন, যা ৭ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে ।
ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ পোস্টে আরো বলেছেন, “আলোচনা চলছে এবং ভুয়া সংবাদমাধ্যম ও অন্যদের বিপরীতমুখী ভ্রান্ত বিবৃতি সত্ত্বেও আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে।”
গত সপ্তাহে ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। সেই আল্টিমেটামের মেয়াদ শেষ হওয়ার আগেই ২৩ মার্চ ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন।
ঢাকা/শাহেদ