গরুতে ফসল নষ্ট করা নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা
নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেত্রকোনার মদন উপজেলায় বোরো ধানের জমিতে গরু ঢুকে ফসল নষ্ট করার প্রতিবাদ জানানোয় বাচ্চু তালুকদার (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নায়েকপুর হাওরে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বাচ্চু তালুকদার মদন উপজেলার নায়েকপুর পূর্ব পাড়া গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানিয়েছে, বাচ্চু তালুকদার মাখনা গ্রামের পাশে নায়েকপুর হাওরে একটি বন্ধকি জমিতে বোরো ধান চাষ করেছিলেন। ধান পাকায় কয়েকদিনের মধ্যেই তা কাটার প্রস্তুতি ছিল। কিছুদিন ধরে মাখনা গ্রামের কয়েকজনের গরু নিয়মিত তার জমিতে ঢুকে ধান খেয়ে নষ্ট করছিল। এ নিয়ে তিনি একাধিকবার গরুর মালিকদের কাছে অভিযোগ জানালেও কোনো সমাধান হয়নি। বৃহস্পতিবার বিকেলে জমিতে গিয়ে ফসলের ব্যাপক ক্ষতি দেখতে পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় মাখনা গ্রামের করিল ইসলামসহ কয়েকজন সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে করিল ইসলাম ও তার সহযোগীরা লাঠি নিয়ে বাচ্চু তালুকদারের ওপর হামলা চালান। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। সেখানেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্তরা পালিয়েছেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানিয়েছেন, পুলিশ বাচ্চু তালুকদারের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
ঢাকা/ইবাদ/রফিক