ঢাকা     শুক্রবার   ২৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৪ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১৯ বছরের বিরতির পর ফিরে এরিত্রিয়ার চমক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ২৭ মার্চ ২০২৬  
১৯ বছরের বিরতির পর ফিরে এরিত্রিয়ার চমক

দীর্ঘ নীরবতা ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরেই চমক দেখাল এরিত্রিয়া। প্রায় দুই দশক পর আফ্রিকা কাপ অব নেশনসের মঞ্চে ফিরে এসেই এসওয়াতিনিকে ২-০ গোলে হারিয়ে সবাইকে অবাক করে দিয়েছে লোহিত সাগরের তীরের এই দেশটি।

বাছাইপর্বে এই জয় শুধু একটি ফল নয়, এটি যেন প্রত্যাবর্তনের শক্তিশালী ঘোষণা। সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে সুদানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল এরিত্রিয়া। এরপর দীর্ঘ বিরতির পর এবারই প্রথম বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে তাদের উপস্থিতি, তাও আবার ১৯ বছর পর।

আরো পড়ুন:

ম্যাচের শুরু থেকে লড়াই ছিল সমানতালে। তবে শেষ মুহূর্তে এসে নাটকীয়ভাবে খেলার মোড় ঘুরিয়ে দেয় এরিত্রিয়া। ৮৩তম মিনিটে কর্নার থেকে হুড়োহুড়ির মধ্যে প্রথম গোলটি আসে। আর যোগ করা সময়ের একদম শেষ প্রান্তে মিশরে খেলা স্ট্রাইকার আলি সুলেইমান ঠান্ডা মাথায় দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।

দলটিতে ছিল ইউরোপ ও অস্ট্রেলিয়াভিত্তিক ক্লাবের বেশ কয়েকজন খেলোয়াড়। জার্মানি, নরওয়ে, সুইডেন ও অস্ট্রেলিয়ায় খেলা ফুটবলারদের নিয়ে গড়া এই দলকে নেতৃত্ব দেন সদ্য দায়িত্ব নেওয়া মিশরের সাবেক আন্তর্জাতিক ফুটবলার হিশাম ইয়াকান, যিনি মাত্র ১৪ দিন আগে কোচ হিসেবে নিয়োগ পান।

এরিত্রিয়ার নিজস্ব আন্তর্জাতিক মানের স্টেডিয়াম না থাকায় ম্যাচটি আয়োজন করা হয় মরক্কোতে। দুই লেগের এই প্রাথমিক নকআউট পর্বের ফিরতি ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার, এসওয়াতিনির মাঠে। জয়ী দল জায়গা করে নেবে ২০২৭ সালের আসরের গ্রুপ পর্বের বাছাইয়ে।

উল্লেখ্য, ২০২৭ সালের আফ্রিকা কাপ অব নেশনস আয়োজন করবে কেনিয়া, উগান্ডা ও তানজানিয়া যৌথভাবে। বাছাইপর্বের এই ধাপে ফিফা র‌্যাঙ্কিংয়ের নিচের ১২টি দল অংশ নিচ্ছে। ৬টি নকআউট লড়াই থেকে বিজয়ীরা জায়গা পাবে গ্রুপ পর্বে, যেখানে ইতোমধ্যে শীর্ষ ৪২টি দল অপেক্ষায় রয়েছে।

গ্রুপ পর্বে মোট ১২টি গ্রুপে ৪টি করে দল ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ ২টি দল মূল আসরে জায়গা পাবে, তবে আয়োজক দেশগুলো যে গ্রুপে থাকবে সেখানে নিয়মে কিছুটা পরিবর্তন থাকবে।

ফুটবলের বাইরেও এরিত্রিয়ার গল্পটা ভিন্ন। ১৯৯৩ সালে স্বাধীনতার পর থেকে একই নেতৃত্বে থাকা দেশটিতে বহুবার ফুটবলারদের বিদেশে গিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে অন্তত ৮০ জন খেলোয়াড় দল ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হয়।

২০১৯ সালের পর থেকে দলকে দেশের বাইরে পাঠানো বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। তবে এবার সেই অবস্থান থেকে সরে এসে আবার আন্তর্জাতিক অঙ্গনে ফিরেছে এরিত্রিয়া। আর ফিরেই দেখিয়েছে, তারা শুধু অংশ নিতেই আসেনি, জিততেও জানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়