ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মরদেহের পাশে থাকা মানিব্যাগের সূত্র ধরে আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২৯ মার্চ ২০২৬   আপডেট: ১১:০৩, ২৯ মার্চ ২০২৬
মরদেহের পাশে থাকা মানিব্যাগের সূত্র ধরে আসামি গ্রেপ্তার

তাবারক হোসেন আকন্দ কামাল (মাঝে)।

ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকার (৬২) নামে এক চাল ব্যবসায়ী হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর মরদেহের পাশে পড়ে থাকা একটি মানিব্যাগের সূত্র ধরে তাবারক হোসেন আকন্দ কামাল (৫৭) নামে ওই আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

রবিবার (২৯ মার্চ) সকালে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

শনিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বটতলা এলাকা থেকে কামালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামাল জেলার ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি এলাকার মৃত আব্দুর রশিদ আকন্দের ছেলে।

নিহত সুসেন চন্দ্র সরকার উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা। তিনি বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের’ মালিক ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা ত্রিশাল উপজেলার সাউথ কান্দা এলাকায় ভাই ভাই এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে সুসেন চন্দ্র সরকারকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরদিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ত্রিশাল থানায় হত্যা মামলা হয়। ঘটনার পর ক্রাইমসিন হিসেবে মরদেহের পাশ থেকে একটি মানিব্যাগ জব্দ করে পুলিশ। ওই মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধন কার্ডের সূত্র ধরে জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামি শনাক্তে করে। পরে অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বটতলা এলাকা থেকে আসামি কামালকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আলম মামুন বলেন, “প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত কামাল হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে জানা গেছে। ঘটনার সময় অন্যান্য আসামিদের সাথে পরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ভিকটিমকে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করেন। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ঢাকা/মিলন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়