ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলি রাডার সেন্টার ও বিমানবন্দরে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ২৯ মার্চ ২০২৬   আপডেট: ১০:৩৩, ২৯ মার্চ ২০২৬
ইসরায়েলি রাডার সেন্টার ও বিমানবন্দরে হামলার দাবি ইরানের

ইরানি ক্ষেপণাস্ত্র

ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে ব্যাপক সংঘাত অব্যাহত রয়েছে। ইরানের প্রেস টিভি শনিবার (২৮ মার্চ) ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), ইরানি সেনাবাহিনী ও মধ্যপ্রাচ্যে তেহরানের মিত্রদের মাধ্যমে লক্ষ্যবস্তু করা বিভিন্ন স্থানের একটি তালিকা প্রকাশ করেছে। খবর আল-জাজিরার। 

প্রেস টিভির প্রতিবেদন অনুসারে, আইআরজিসি ইসরায়েল এবং অন্যান্য স্থানে ‘ইসরায়েলি-আমেরিকান শত্রুদের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করতে দূরপাল্লার ও মাঝারি পাল্লার সলিড এবং লিকুইড ফুয়েল সিস্টেম এবং অ্যাটাক ড্রোন ব্যবহার করেছে’।

আরো পড়ুন:

ইরানি সংবাদমাধ্যমটি আরও জানায়, আইআরজিসি একটি মার্কিন এমকিউ৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং একটি এফ-১৬ যুদ্ধবিমানে আঘাত হেনেছে।

ইরানি সেনাবাহিনী ইসরায়েলের হাইফা বন্দর নগরীতে অবস্থিত সামরিক অ্যারোস্পেস কমপ্লেক্সে ইসরায়েলি প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি ‘এলটা’ পরিচালিত একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও রাডার সেন্টার এবং ডেভিড বেন গুরিয়ন বিমানবন্দরের একটি জ্বালানি স্টোরেজ সেন্টারেও হামলার দাবি করেছে।

এদিকে, রবিবার (২৯ মার্চ) আল-জাজিরার তেহরান সংবাদদাতা মোহম্মদ ভাল জানান, গত কয়েক ঘণ্টায় ইরানের দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশের হাফতগেলসহ ইরানের বেশ কয়েকটি শহরে মার্কিন ও ইসরায়েলি হামলা হয়েছে।

তিনি জানান, এই হামলায় ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে- ১০ হাজার ঘনমিটার ধারণক্ষমতার একটি পানি শোধনাগার। 

তার মতে, ইসরায়েলি-মার্কিন বাহিনী এর আগেও ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, কিন্তু এই পানি শোধনাগারটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় তেহরান এর কড়া প্রতিক্রিয়া জানাতে পারে। 

তিনি বলেন, “ইরান প্রতিশোধের বদলে প্রতিশোধ নীতিতে বিশ্বাস করে। তাই যখনই এ ধরনের হামলা হয়, তখন দেখা যায় ইরানি সামরিক বাহিনী পুরো অঞ্চলজুড়ে একই ধরনের হামলার পদক্ষেপ নেয়।”

গত ২৪ ঘণ্টায় তেহরানেও প্রচুর বোমাবর্ষণ হয়েছে। বেশ কিছু জায়গায় আঘাত হানা হয়েছে, তবে ঠিক কোন কোন স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

তবে শনিবার (২৮ মার্চ) রাতে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ইরানের দুটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে এবং আইআরজিসি এখন এর পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। আইআরজিসি একটি কড়া বিবৃতি দিয়ে বলেছে, তারা এই অঞ্চলজুড়ে মার্কিন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করবে।

আল-জাজিরার তেহরান সংবাদদাতা আরও জানান, ইরানের তাবরিজ, শিরাজ ও হরমোজগানেও হামলা চালিয়েছে মাকিন-ইসরায়েলি বাহিনী। তিনি উল্লেখ করেন, ইরানে দিনে ২৪ ঘণ্টা বিমান হামলা অব্যাহত রয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়