ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সড়ক দুর্ঘটনা রোধে উচ্চপর্যায়ের সভা আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ২৯ মার্চ ২০২৬  
সড়ক দুর্ঘটনা রোধে উচ্চপর্যায়ের সভা আজ

সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নির্ধারণে উচ্চপর্যায়ের একটি সভা আয়োজন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

রবিবার ( ২৯ মার্চ)  বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এতে আরো উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২৪ মার্চ প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে নিরাপত্তা বৃদ্ধি এবং ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জরুরি নির্দেশনা দেওয়া হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যেই এ সভা ডাকা হয়েছে।

সভায় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে। সরকার সড়কে দুর্ঘটনা কমানো, যাত্রীসেবা উন্নয়ন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়