শেরপুর-৩ আসনে উপনির্বাচন: ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনকে সামনে রেখে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে প্রশাসন। আসনটির দুইটি উপজেলায় শনিবার (৪ এপ্রিল) থেকে দায়িত্ব পালন শুরু করেছেন বাহিনীটির সদস্যরা।
আগামী ১১ এপ্রিল পর্যন্ত তারা নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবেন।
শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও শেরপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনটি সীমান্তবর্তী এলাকা। এখানে দায়িত্ব পালনের জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনের সময় অতিরিক্ত ফোর্স হিসেবে বরাবরের মতো এবারো তারা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগের পাঁচদিন, নির্বাচনকালীন সময় এবং ভোটের পরবর্তী দুইদিন পর্যন্ত বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলসহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে।
শেরপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর সঙ্গে বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত তারা নির্বাচনি এলাকায় মোতায়েন থাকবেন। ১৬ প্লাটুনে প্রায় ৩২০ জন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। আমরা আশ করছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি বিজিবি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ভূমিকা রাখবে।”
তিনি বলেন, “বিজিবির পাশাপাশি র্যাবের ১০টি টিম মাঠে কাজ করবে। চারটি টিম রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুইটি উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসন। এখানে মোট ১২৮টি ভোটকেন্দ্রে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ঢাকা/তারিকুল/মাসুদ
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের