দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আবু নাছের শামীম।
দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন আবু নাছের শামীম (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে দেশটির জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় তাকে হত্যা করা হয়।
নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদামতলী এলাকার গনু সারেং বাড়ির মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে।
নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস জানান, তার বাবা ২০০৭ সালের দিকে প্রথম দক্ষিণ আফ্রিকায় যান। চার বছর আগে দেশে এসে তিনি কয়েক মাস ছিলেন। এরপরে পুনরায় সেখানে ফিরে গিয়ে আবার ব্যবসা শুরু করেন। বর্তমানে বাবার ৪-৫টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে দক্ষিণ আফ্রিকায়।
তিনি জানান, কিছুদিন আগে একটি বড় দোকান বিক্রি নিয়ে তার বাবার সঙ্গে নোয়াখালীর আরেক ব্যবসায়ীর বিরোধ হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। দোকানটি বেশ বড় হওয়ায় বড় ক্রেতা পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে বাবা নিরাপত্তার জন্য দোকানে বুলেট প্রুফ গ্লাস লাগান এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়োগ দেন।
আবু রাফসান পিয়াস জানান, মঙ্গলবার বিকেলে বাবা দোকানের সামনে তার নিয়োগ দেওয়া নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলছিলেন। কয়েকজন সন্ত্রাসী এসে বাবার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের প্রশাসক (উপজেলা মৎস কর্মকর্তা) মো. আশরাফুল ইসলাম সরকার বলেন, “বিষয়টি ইউনিয়ন পরিষদকে কেউ অবহিত করেননি। নিহতের পরিবার যদি কােনো সহযোগিতা চান, তাহলে সরকারিভাবে তা করা হবে।”
কোম্পানিগঞ্জ থানার অফিসা ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ বিষয়টি থানায় জানায়নি।
ঢাকা/সুজন/মাসুদ