ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অস্বাস্থ্যকর পরিবেশে স্কুল ফিডিংয়ের খাবার মজুত, জরিমানা 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ২৩ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:৫০, ২৩ এপ্রিল ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে স্কুল ফিডিংয়ের খাবার মজুত, জরিমানা 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে বুধবার রাতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহকৃত স্কুল ফিডিংয়ের পাউরুটি খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় খাবার সরবরাহকারী বেসরকারি সংস্থা ‘গাক’র প্রতিনিধিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২২ এপ্রিল) রাতে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আরো পড়ুন:

অভিযানে সংস্থাটির গুদামে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন ও বাসি খাবার মজুতের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।

আরো পড়ুন: স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১নং শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের পাউরুটি খেয়ে আট শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে ওই সংস্থার ভাড়া করা গুদামে অভিযান চালায় উপজেলা প্রশাসন। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে অত্যন্ত নিম্নমানের ও খাবার অযোগ্য বাসি পাউরুটি মজুত রাখার সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী অপরাধী সাব্যস্ত হওয়ায়, গাক এনজিওর প্রতিনিধি মিজানুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ল্যাব টেস্টের জন্য খাবারের নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুদামটি সিলগালা করে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন জানান, কোমলমতি শিশুদের স্বাস্থ্যের বিষয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/মেহেদী/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়