ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পার্সেলের প্যাকেট খুলতেই বিস্ফোরণ, ভ্যানচালক আহত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ২৮ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:৫৮, ২৮ এপ্রিল ২০২৬
পার্সেলের প্যাকেট খুলতেই বিস্ফোরণ, ভ্যানচালক আহত

বিস্ফোরণে আহত ভ্যানচালককে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

কুষ্টিয়ার সদরের লাহিনী বটতলা এলাকায় বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে।

আহত নাসির শেখ লাহিনী বটতলা এলাকার কর্মকারপাড়ার বাহের শেখের ছেলে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দুইজন অপরিচিত ব্যক্তি ভ্যানচালক নাসিরকে ভাড়া দিয়ে প্যাকেটে মোড়ানো একটি পার্সেল লাহিনী জোয়ার্দারপাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে দিয়ে আসতে বলেন। ভ্যানচালক নাসির পার্সেলটি বাড়িতে দিতে গেলে হামিদুল ইসলাম সেটি নিতে অস্বীকৃতি জানান। 

নাসির পার্সেলটি নিয়ে আবার লাহিনী বটতলা এলাকায় ফিরে এসে অপরিচিত দুইজন ব্যক্তিকে খুঁজতে শুরু করেন। তাদের না পেয়ে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে পার্সেলের প্যাকট খোলার চেষ্টা করেন। প্যাকেট খোলার পরে ভেতরে একটি কাঠের বাক্স দেখতে পান তারা। সেটি খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নাসির আহত হন। পরে স্থানীয়রা তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত ভ্যানচালক নাসির জানান, পার্সেল দেওয়া দুই ব্যক্তিকে তিনি চেনেন না। তারা নিজেদের গাড়িচালক পরিচয় দিয়ে হামিদুল ইসলামের সঙ্গে পরিচিত দাবি করে পার্সেলটি পৌঁছে দিতে বলেন। হামিদুল পার্সেলটি নেননি। ফিরে এসে ওই দুই ব্যক্তিকে আর খুঁজে না পেয়ে পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে পার্সেলটি খোলার সময় তা বিস্ফোরণ হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, বিস্ফোরণে আহত ব্যক্তির কোমরের নিচে আঘাত লেগেছে। তিনি আশঙ্কামুক্ত। 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, “বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়