সংসদে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে: মঈন খান
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, সংসদে ডিবেট হবে, পৃথিবীর সব লোক তো একই ভাষায় কথা বলবে না বা একই মত প্রকাশ করবে না। একদলীয় বাকশাল আর গণতন্ত্রের এটাই পার্থক্য। জাতীয় সংসদে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে এবং তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে।
আজ রবিবার দুপুরে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘‘তবে আমরা চাই সংসদে যেন বাস্তবধর্মী কথা হয়, যুক্তিতর্কের কথা হয়। আবেগ দিয়ে কথা হলে সেটি সংসদে সঠিকভাবে প্রতিফলিত হবে না।’’
এর আগে তিনি মেডিকেল শিক্ষার্থীদের ২৭ তম ব্যাচের এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে অধ্যক্ষ অধ্যাপক এএসএম ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ম্যানেজিং ডিরেক্টর এমএ মুবিন খানসহ অতিথি ও কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
ঢাকা/রেজাউল//