ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কে হবেন লিটনের লাকি নাম্বার সেভেন?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ৩ মে ২০২৬  
কে হবেন লিটনের লাকি নাম্বার সেভেন?

‘‘আপনার কাছে যদি সমাধান থাকে, দিতে পারেন আমাদেরকে।’’- ধাঁধায় থাকা লিটন দাস যখন প্রশ্নবানে জর্জরিত তখন প্রশ্নকর্তার থেকে চাইলেন সমাধান! ক্রিকেট ভুবনটা একদমই পরিস্থিতির ওপর নির্ভরশীল। ফল নিজের পক্ষে আসলে ভুলগুলো আড়াল হয়ে যায় চোখের পলকে। বিপক্ষে গেলে ভুলগুলো শূল হয়ে বিঁধতে থাকে। লিটন এখন সেই যন্ত্রণায় কাতর।

টি-টোয়েন্টির ব‌্যাটিং নিয়ে স্রেফ ধাঁধায় তিনি। বিশেষ করে সাত নম্বর ব‌্যাটিং পজিশনে যুৎসই কাউকে খুঁজে না পাওয়ায় গোটা টিম কম্বিনেশন নিয়েই চিন্তিত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তাকে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দিয়েছে বোর্ড। লম্বা সময়ের জন‌্য অধিনায়কত্ব পেলেও লিটন মনে করছেন অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে বিশ্বকাপের আগে অনেক কিছু আনতে হবে বাংলাদেশ দলে।

আরো পড়ুন:

তার ভাষ‌্য, ‘‘যেহেতু এশিয়াতে খেলা না (বিশ্বকাপ), খেলাটা বাইরে। এশিয়ার (কন্ডিশন) অনুযায়ী হয়তো বা আমাদের দলটা আগেরবার অভ্যস্ত ছিল, বাইরে আমাদের দলে আরও অনেক কিছু আনতে হবে খেলোয়াড় হিসেবে। কারণ, যে কন্ডিশনে খেলবেন, যাদের সঙ্গে খেলবেন, খুবই কঠিন হবে। এই দেড়টা বছর যদি আমরা ওই ব্যাপারগুলো মানিয়ে নিয়ে ওখানে যেতে পারি, তাহলে আশা করি ভালো কিছুই হবে।”

তৃতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলের মধ্যে ১৬ রান তুলতে ৬ উইকেট হারায় বাংলাদেশ। লিটন মনে করেন, এমন ঘটনা নিয়মিত ঘটায় ভুগতে হচ্ছে দলকে। ৭–৮ নম্বরে খেলা মেহেদী হাসান–রিশাদ হোসেনরা যেমন রান করতে পারছেন না, পারছেন না টেল-এন্ডার হিসেবে খেলা পেসাররাও। গত এক বছরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের লোয়ার-অর্ডার ১২৭.৭৭ স্ট্রাইক রেটে এবং ১৭.১৫৫ গড়ে ব্যাটিং করছে।

“আগেও বলেছি রিশাদ, শেখ মেহেদী, নাসুম, ওরা স্পিনার হিসেবে খেলে। সব দলে যারা স্পিনার হিসেবে খেলে, তারা ব্যাটিংও পারে। তা না হলে আপনাকে চায়নাম্যান হতে হবে, মিরাকল কিছু যেমন থাকে অনেক দলের ক্রিকেটার (রহস্য স্পিনার), তারা শুধু বোলিং হিসেবেই খেলে। শেখ মেহেতি তো ব্যাটিং পারে, কিন্তু ওই পারফরম্যান্সটা আমাদের দরকার আন্তর্জাতিক ক্রিকেটে। রিশাদের ক্ষেত্রেও তা সত্যি।”

“অলরাউন্ডারের ক্ষেত্রে সাইফ উদ্দিন, সাকলাইন আছে। সাকিবও (তানজিম হাসান) আছে। তাদের কাছ থেকে আমরা ব্যাটিং আশা করি। কিছু কিছু সময় এরকম ম্যাচ থাকবে যেখানে লোয়ার অর্ডারের দরকার। এই জিনিসটা খুবই জরুরি।” – বলেছেন লিটন।

এই সংকট সমাধানের উপায় খুঁজে পাচ্ছেন না লিটন। যিনি সাত নম্বরে খেলবেন এবং বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও ভালো করবেন, “টি-টুয়েন্টিতে ৫ বোলার ছাড়া যেতে পারব না। আমি যদি ৯ ব্যাটসম্যান নিয়ে নামি, ৩ বোলার নিয়ে খেলা লাগবে। আপনার কাছে যদি সমাধান থাকে, দিতে পারেন আমাদেরকে।”

লিটন আশা অবশ্য হারাচ্ছেন না। যারা আছে তাদের নিয়ে কাজ করা হচ্ছে বলে দাবি তার, ‘‘আমাদের যারা ব্যাটিং কোচ আছে, তাদের (লোয়ার-মিডল অর্ডার) পেছনে সময় দিচ্ছে। অবশ্যই রাতারাতি বদল হবে না এবং এটা সম্ভবও না। তবে ওরা চেষ্টা করছে। আশা করি যে, বিশ্বকাপ আসতে আসতে কিছুটা হলেও ভালো হবে। সবাই চেষ্টা করছে। আপনারা দেখলেও দেখবেন যে সবাই ব্যাটিং করে শেষ পর্যন্ত (অনুশীলনে)। তবে নেটে ব্যাটিং আর ম্যাচের ভেতর ব্যাটিং অনেক পার্থক্য আছে। আশা করি যে ওরা যদি ম্যাচগুলোতে পারফর্ম করে, তাহলে আত্মবিশ্বাস আরও বাড়বে।”

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়