ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কৃষকের ধান কিনবে সরকার, নেত্রকোণায় ধান-চাল সংগ্রহ শুরু

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ৩ মে ২০২৬  
কৃষকের ধান কিনবে সরকার, নেত্রকোণায় ধান-চাল সংগ্রহ শুরু

রবিবার জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন

নেত্রকোণায় চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩ মে) সন্ধ্যায় সদর উপজেলার পাবলিক হল মিলনায়তনে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আরো পড়ুন:

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “প্রাথমিকভাবে ধান সংগ্রহের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রয়োজনে এর চেয়ে বেশি পরিমাণ ধান ও চাল সংগ্রহ করা হবে। কৃষক যত পরিমাণ ধান সরবরাহ করতে পারবেন, সরকার ততটাই ক্রয় করবে।

তিনি আরো বলেন, “বন্যাকবলিত এলাকার কৃষকদের বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়ের আগেই সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষকরা যেন ন্যায্য মূল্য পান, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। নির্ধারিত মূল্যের পুরোটা নিশ্চিত করতে ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করা হবে।”

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের সহায়তার বিষয়ে তিনি বলেন, “প্রয়োজনে এই সহায়তার সময়সীমা আরো বাড়ানো হতে পারে।”

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে এবং প্রান্তিক মানুষের চাহিদা পূরণে ভূমিকা রাখছে।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় সরকারি উদ্যোগে ২০ হাজার ৪১৫ মেট্রিক টন ধান এবং ৫৫ হাজার ৫৮৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা এবং চালের মূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। জেলার ১৩টি খাদ্যগুদামের মাধ্যমে এসব ধান ও চাল সংগ্রহ করা হবে। এ কার্যক্রম ৩ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মুঃ জসীম উদ্দিন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার এবং নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবাদ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়