যশোরে ২৫ বছর ধরে চলছে অবৈধ চুন কারখানা, বাড়ছে দূষণ
প্রিয়ব্রত ধর, যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম
যশোরের অভয়নগর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই দীর্ঘ ২০–২৫ বছর ধরে শামুক ও ঝিনুক পুড়িয়ে কাঠ জ্বালানির মাধ্যমে চুন উৎপাদনের অভিযোগ উঠেছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি, জীববৈচিত্র্য ধ্বংস এবং তীব্র বায়ুদূষণ ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তবে, দীর্ঘদিন ধরে এ অবৈধ কার্যক্রম চললেও পরিবেশ অধিদপ্তর বিষয়টি সম্পর্কে অবগত নয়।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার প্রেমবাগ এলাকায় রাতভর শামুক ও ঝিনুকের খোলস পুড়িয়ে চুন তৈরি করা হয়। এ কাজে প্রতিদিন শত শত মণ কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার ফলে আশপাশে ব্যাপক হারে গাছ কাটা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রেমবাগ গ্রামে এ ধরনের দুটি কারখানা রয়েছে। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা শামুক ও ঝিনুকের খোলস অস্বাস্থ্যকর পরিবেশে পুড়িয়ে দীর্ঘদিন ধরে চুন উৎপাদন চলছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন রাত নামলেই চুল্লিতে আগুন দেওয়া হয়। বড় বৈদ্যুতিক ফ্যানের সাহায্যে বাতাস দিয়ে আগুন জ্বালানো হলে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। তীব্র দুর্গন্ধে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়, চোখ জ্বালা করে। শিশু ও বৃদ্ধরা কাশিতে ভোগেন। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে রাতে স্বাভাবিকভাবে ঘুমানোও কঠিন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা দীপংকর মণ্ডল বলেন, “যখন তারা ঝিনুক পুড়ায়, তখন কালো ধোঁয়া ও দুর্গন্ধে এলাকায় থাকা কষ্টকর হয়ে পড়ে। নদীর পাড়সহ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা মৃত শামুক ও ঝিনুক দিয়ে চুন তৈরি করা হয়। এটি স্বাদ ও গন্ধে ভালো নয়।”
কারখানার মালিক রাজা দাবি করেন, “আমার কাছে চুন তৈরি করার অনুমতি আছে। প্রেমবাগ ইউনিয়ন পরিষদ আমাকে শামুক ক্রয় ও চুন তৈরির জন্য ট্রেড লাইসেন্স দিয়েছে। দীর্ঘদিন ধরে চুন তৈরি করছি, কোনো সমস্যা হয়নি।”
এ বিষয়ে প্রেমবাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহির উদ্দিন খোকন বলেন, “চুন কারখানার জন্য ইউনিয়ন পরিষদ থেকে শুধু ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে। চুন তৈরির কোনো আলাদা অনুমোদন দেওয়া হয়নি। এ বিষয়ে আমি আর কিছু জানি না।”
উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দীপু বলেন, “বিষয়টি আপনার কাছ থেকে প্রথম শুনলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
খুলনা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, “অভয়নগরে কাঠ পুড়িয়ে চুন তৈরির জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। কেউ এভাবে কাজ করে থাকলে তা সম্পূর্ণ বেআইনি। কাঠ জ্বালানি হিসেবে ব্যবহারের অনুমতি নেই। এর আগেও আমরা কয়েকবার চুল্লি ভেঙে দিয়েছি। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/জান্নাত
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শনিবার শপথ