ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ৮ মে ২০২৬   আপডেট: ১৮:২৪, ৮ মে ২০২৬
বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ফাহিমা আক্তার

সিলেটে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ফাহিমা আক্তার (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের পুকুরের কাছে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়য়ের সোনাতলা গ্রামের রাইসুল হকের মেয়ে। রাইসুল স্থানীয় ডেকোরেশনের দোকানে শ্রমিক হিসেবে কাজ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় ফাহিমা। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের ঘটনায় শিশুটির বাবা রাইসুল হক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

দুই দিন পর শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরের কাছে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশুটির বাবা রাইসুল হক বলেন, “সকাল ১১টার দিকে বিস্কুট কিনতে গিয়েছিল। এর পর আর ফিরে আসেনি। অনেক খুঁজেছি, পাইনি।”

সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/মোসাইদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়