ঢাকা     বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩ || ৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দেশ স্থিতিশীত হওয়ায় ব্যারাকে ফিরছেন সেনা সদস্যরা: সেনাপ্রধান

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ২১ মে ২০২৬  
দেশ স্থিতিশীত হওয়ায় ব্যারাকে ফিরছেন সেনা সদস্যরা: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ফাইল ফটো

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “দেশের প্রয়োজনে ২০২৪ সালে সেনা সদস্যরা মাঠে থেকে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন।”

দেশের ক্রান্তিলগ্নে সেনা সদস্যদের দায়িত্বশীল ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে বলেও মন্তব্য করেন তিনি। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “গত ১৮ মাস ধরে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেও সেনা সদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং অভূতপূর্ব।”

অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান।

গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় শুরু হয় বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়াসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়