ঢাকা     বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩ || ৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাকৃবি-বারির মধ্যে গবেষণা সহযোগিতা চুক্তি

বাকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ২১ মে ২০২৬  
বাকৃবি-বারির মধ্যে গবেষণা সহযোগিতা চুক্তি

গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও কৃষি উন্নয়নকে আরো গতিশীল করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে যৌথ গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর সাড়ে ১২টায় বাকৃবির সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ সময় বাকৃবির পক্ষে উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বারির পক্ষে ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন উইংয়ের পরিচালক ড. রেশমা সুলতানা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, আধুনিক কৃষি প্রযুক্তি উন্নয়ন এবং শিক্ষার্থীদের গবেষণামূলক কাজে সহযোগিতা করবে বলে জানা গেছে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “এটি একটি চমৎকার উদ্যোগ। বিজ্ঞান, শিক্ষা ও গবেষণাকে একীভূত করে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস এটি।”

তিনি আরো বলেন, “এই সমঝোতা স্মারকে যারা উদ্যোগী হয়ে এগিয়ে এসেছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই।” বাকৃবি ও বারি একসঙ্গে কাজ করে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল মজিদ, রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ কে এম আদহাম, অধ্যাপক এম জি মোস্তফা আমিন, পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং বারির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/লিখন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়