ঢাকা     বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩ || ৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বরিশালে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু, আহত ১

বরিশাল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ২১ মে ২০২৬  
বরিশালে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু, আহত ১

আকস্মিক বজ্রপাতে পানবরজের দুই শ্রমিক মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরেক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ার ভিমের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক তৌকির হোসেন জানিয়েছেন, মৃত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে। তারা হলেন—মাহিলাড়ার ভিমের পাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) ও উজিরপুরের খাটিয়াল পাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)। বজ্রপাতে আহত হওয়া দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে গোপাল সরকারকে (৪০) প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই তিনজন ভীমের পাড় এলাকায় একটি পানবরজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বৃষ্টি শুরু হলে তারা পানবরজের পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং গোপাল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। 

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা/পলাশ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়