সিলেট বিভাগে হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে, একদিনে সর্বোচ্চ তিন শিশুর মৃত্যৃ হয়েছিল।
শুক্রবার (২২ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়। তাদের একজনের বাড়ি সুনামগঞ্জ ও একজনের বাড়ি হবিগঞ্জে।
একই সময়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই শিশু মারা যায়। তাদের একজনের বাড়ি সুনামগঞ্জ ও অন্যজনের বাড়ি সিলেটে। এছাড়া, ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলা হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি সুনাগঞ্জ জেলায়।
এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে চারজন এবং উপসর্গ নিয়ে ৪৩ শিশুর মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে নতুন করে ৭৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৮৩ জন রোগী। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কারো হামে আক্রান্ত হওয়ার তথ্য শনাক্ত হয়নি বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
ঢাকা/রাহাত/মাসুদ
চ্যালেঞ্জিং হলেও এবারের ঈদযাত্রা স্বস্তির হবে: সড়কমন্ত্রী