ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাসীরুদ্দীনের ওপর হামলা, ছাত্রদলের ৮ নেতার নামে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ২২ মে ২০২৬   আপডেট: ২২:৫২, ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলা, ছাত্রদলের ৮ নেতার নামে মামলা

ফাইল ফটো

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের ৮ নেতার নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ১১০-১১৫ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা।

আরো পড়ুন:

আসামিরা হলেন- ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদু ও ছাত্রদল নেতা আরাফাত।

মামলায় অভিযোগ করা হয়েছে, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলাকারীরা কিলঘুষি মেরেছেন, ইটপাটকেল নিক্ষেপ, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়।

হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

‎এছাড়া, হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে।

ছিনতাই হওয়া মালামালের মধ্যে একটি সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

‎‎ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, “মামলা হয়েছে। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়