যশোর-খুলনা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
যশোর-খুলনা মহাসড়কে দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিয়েছে একটি ভ্যান ও ইজিবাইককে। এ ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। ঘাতক যানটির চালককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া তেল পাম্পের সামনে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪), চাউলিয়া এলাকার মৃত কালু শেখের ছেলে আনোর আলী (৭০) এবং ইজিবাইক চালক ঘুনি পূর্বপাড়া এলাকার মৃত হাসান আলী মোল্লার ছেলে মোহাম্মদ আইয়ুব আলী (৪৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। পরে সামনে থাকা একটি ইজিবাইকে ধাক্কা দিলে কয়েকজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান। এ ঘটনায় চার বছর বয়সী এক শিশু ও মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮) গুরুতর আহত হন। তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়কে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, দুর্ঘটনায় জড়িত ঘাতক যানটির চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রিটন/মাসুদ
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল