প্রধানমন্ত্রীর অপেক্ষায় নজরুল মঞ্চ
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী।
শনিবার (২৩ মে) থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী এ উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে তাকে বরণ করতে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রস্তুত করা হয়েছে নজরুল মঞ্চ।
নজরুল জয়ন্তী উপলক্ষে ত্রিশালে এসেছেন নজরুলভক্ত, কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা। নজরুল মঞ্চে পরিবেশিত হবে কবির অমর সঙ্গীত। পুরো এলাকা মুখর হয়ে উঠবে সাংস্কৃতিক আয়োজন ও মানুষের পদচারণায়।
সরকারি নজরুল একাডেমি মাঠজুড়ে ইতোমধ্যে বসেছে ‘নজরুল বইমেলা’ ও গ্রামীণ মেলা। পাঁচ শতাধিক দোকানে জমে উঠেছে কেনাবেচা। বিশাল প্যান্ডেল নির্মাণ, মঞ্চসজ্জা ও রঙতুলির ছোঁয়ায় নতুন রূপ পেয়েছে আশপাশের এলাকা। শিল্পী ও কলাকুশলীরা ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে।
স্থানীয় সংস্কৃতিকর্মীরা বলছেন, নজরুল জয়ন্তী ত্রিশালবাসীর প্রাণের উৎসব। জাতীয় পর্যায়ে আয়োজন হওয়ায় এবার উৎসবের মাত্রা আরো বেড়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোশাকের পাশাপাশি ইউনিফর্মে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ঢাকা/মিলন/মাসুদ
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল