ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিলেটে হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ২৩ মে ২০২৬  
সিলেটে হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

সিলেটে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (২২ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই চার শিশুর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মোট ৫১ শিশুর মৃত্যু হলো। বর্তমানে বিভাগে ২৯৫ সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আরো পড়ুন:

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়াদের মধ্যে সিলেটের শাহপরাণ এলাকার ১ বছর ৩ মাস বয়সী, সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা গ্রামের ৬ মাস ২৭ দিন বয়সী, মৌলভীবাজারের দুর্গানগরের ৫ মাস ১৭ দিন বয়সী এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬ মাস ১০ দিন বয়সী শিশু রয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে। এরমধ্যে সর্বোচ্চ সুনামগঞ্জে ৮৪ জন, সিলেটে ৪২ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ১৬ জন (যার মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত) শনাক্ত হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ২৯৫ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৫ জন চিকিৎসাধীন। এছাড়া, অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালেও অনেকে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে এবং ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হাম রোগে মারা গেছে ৪ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।

ঢাকা/রাহাত/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়