ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফেনীতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর গরু ছিনতাই

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৩ মে ২০২৬  
ফেনীতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর গরু ছিনতাই

ভুক্তভোগী গরু ব্যবসায়ী দেলোয়ার হোসেন।

ফেনীতে অস্ত্রের মুখে এক ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর র‍্যাব ক্যাম্প সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, কোরবানির ঈদ উপলক্ষে পাঁচদিন আগে ১০টি গরু এনে মহাসড়কের রামপুর র‍্যাব ক্যাম্প সংলগ্ন এলাকায় রাখেন দেলোয়ার হোসেন। সড়কের পাশে গরুগুলো বেঁধে রেখা হয়, একজন রাখাল প্রাণীগুলো দেখাশোনা করছিলেন। শুক্রবার মধ্যরাত ৩টা পর্যন্ত রাখাল গরুগুলো পাহারা দিয়ে ঘুমাতে যান। এরপর দেলোয়ার নিজেই গরুগুলো পাহারা দিচ্ছিলেন।

আরো পড়ুন:

আজ ভোর ৪টার দিকে হঠাৎ চারজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও ধারালো রামদা নিয়ে এসে দেলোয়ারকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তারা দড়ি কেটে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। দেলোয়ারের চিৎকার শুনে তার ভাই ঘর থেকে বের হয়ে ধাওয়া করলেও অভিযুক্তরা পালিয়ে যায়।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, ‍“ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য মানুষের কাছ থেকে ঋণ নিয়ে ১০টি গরু কিনেছিলাম। গরুগুলো র‍্যাব ক্যাম্প সংলগ্ন এলাকায় বেঁধে রেখে পাহারা দিচ্ছিলাম। ভোরে হঠাৎ চারজন লোক অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। তাদের গাড়ির পিছু নিয়েও আটকানো সম্ভব হয়নি। গরুটি উদ্ধার এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

ঘটনার পর থেকে সেখানে অবস্থানরত অন্য গরু ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্পের পাশেই এমন ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে গরু কিনেছেন তারা। এখন নিরাপত্তাহীনতায় চরম দুশ্চিন্তায় রয়েছেন।

একাধিক গরু ব্যবসায়ী অভিযোগ করে বলেন, রাতভর গরু পাহারা দিয়েও তারা নিরাপদ বোধ করছেন না। দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং পশুর হাট ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি তাদের।

মো. সেলিম নামে মৌসুমি গরু ব্যবসায়ী বলেন, “১২ দিন আগে বিক্রির জন্য ৪৫টি গরু এখানে এনেছি। আমরা এই স্থানেই গরুগুলো রেখে ব্যবসা পরিচালনা করছি। ফেনীতে এর আগেও ব্যবসায়ীকে হত্যা করে কোরবানির গরু লুট ও রাখালকে গুলি করে খামার থেকে গরু লুটের ঘটনা ঘটেছিল। এবারও মৌসুমের শুরুতেই এমন একটি ঘটনা ঘটলো। ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ বিরাজ করছে।”

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগও আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সাহাব/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়