গাজীপুরে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গাজীপুরের শ্রীপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে পৌরসভার আনসার রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার হয়।
মারা যাওয়া নারীর নাম শাকিলা আক্তার (২৭)। তিনি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শিমুলতলী গ্রামের মো. সাইদুর রহমানের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে রংপুরের কাউনিয়া এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহাম্মদের (৩০) সঙ্গে শাকিলার বিয়ে হয়। এরপর থেকেই স্বামী-স্ত্রী শ্রীপুরের আনসার রোড এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। রাজু স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। শাকিলা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
নিহতের বড় বোন সাবিনা ইয়াছমিন জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে তারা শাকিলার মৃত্যুর খবর পান। ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। স্বামী-স্ত্রী একই কক্ষে বসবাস করলেও কীভাবে ঘটনাটি ঘটলো, তা নিয়ে পরিবারের মধ্যে সন্দেহ রয়েছে।
আটক রাজু আহাম্মদ পুলিশের কাছে দাবি করেছেন, রাতে টাকা-পয়সা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। একপর্যায়ে শাকিলা ধারালো বটি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করলে তিনি বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে ছাদে চলে যান। ফিরে এসে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে জানান তিনি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবায়দুল হক বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রফিক/মাসুদ
চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯০