বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
বগুড়ার পুলিশ লাইন্স থেকে আরিফুল ইসলাম (৪০) নামে উপসহকারী পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার হয়। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
নিহত আরিফুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি পুলিশ লাইন্সের বেতার শাখায় দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বেতার শাখার ভবনের দোতলায় অন্য সদস্যদের সঙ্গে থাকতেন আরিফুল। বৃহস্পতিবার রাতেও তাকে স্বাভাবিক অবস্থায় দেখা যায়। শুক্রবার সকালে দীর্ঘ সময় তাকে না দেখে সহকর্মীরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে পাশের একটি ওয়ার্কশপ কক্ষের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পেয়ে সহকর্মীদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে তাকিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরিফুলকে দেখতে পান তারা। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বলেন, “পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে কোনো পারিবারিক কলহের তথ্য পাওয়া যায়নি। ঋণের চাপ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ঢাকা/এনাম/মাসুদ
চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯০