শিল্পী সমিতির নির্বাচন: প্রধান কমিশনার লিপু, আপিল বোর্ডে ছটকু আহমেদ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে চলচ্চিত্রাঙ্গনে চলছে আলোচনা ও নানা সমীকরণ। আগামী ৩ জুলাই, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ হবে।
নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি কামাল মো. কিবরিয়া লিপু। গত ১৮ মে, শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।
প্রধান নির্বাচন কমিশনারকে সহযোগিতা করবেন বিএইচ নিশান ও অভিনেতা এবিএম সোহেল রশিদ।
অন্যদিকে আপিল বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য চলচ্চিত্রকার ছটকু আহমেদকে। তার সঙ্গে আপিল বোর্ডে থাকছেন প্রখ্যাত দুই নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও বাদল খন্দকার।
গত দুই মেয়াদের শিল্পী সমিতির নির্বাচন নানা বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছিল। তাই এবারের নির্বাচন ঘিরে শিল্পী ও ভোটারদের প্রত্যাশাও অনেক বেশি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে আয়োজন করা সম্ভব হবে কি না, এমন প্রশ্নের জবাবে নতুন প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু বলেন, “শুনেছি আমাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। তবে আনুষ্ঠানিক চিঠি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।”
এদিকে, নির্বাচনের মাঠেও দেখা যাচ্ছে তারকাদের সরব উপস্থিতি। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একটি প্যানেল থেকে লড়বেন নায়করাজ রাজ্জাক-পুত্র বাপ্পারাজ এবং অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলে রয়েছেন শিবা শানু ও জয়।
চলচ্চিত্রাঙ্গনের অন্যতম আলোচিত এই নির্বাচন ঘিরে এখন থেকেই বিএফডিসিপাড়ায় শুরু হয়েছে উত্তাপ, আলোচনা আর হিসাব-নিকাশ।
ঢাকা/রাহাত/শান্ত
চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯০