ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত: বিশেষ অভিযানে ২৩৩ জন গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ২৩ মে ২০২৬  
ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত: বিশেষ অভিযানে ২৩৩ জন গ্রেপ্তার

সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য ইমন আচার্যের মৃত্যুর ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে ২৩৩ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে নগরের তোপখানা এলাকায় এক ছিনতাইকারীকে ধাওয়া করার সময় ছুরিকাঘাতের শিকার হন র‌্যাব সদস্য ইমন আচার্য। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে একই এলাকায় এক র‌্যাব কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে অভিযুক্ত ছিনতাইকারী। পরে পুলিশ ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় সে ইমন আচার্যকে ছুরিকাঘাত করে।

এ ঘটনার পর নগরজুড়ে বিশেষ অভিযান চালায় এসএমপি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (২২ মে) ৬৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শনিবার (২৩ মে) সকাল ৮টা পর্যন্ত আরো ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ২৩৩ জনে।

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে নগরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১০০টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, এসএমপির বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, জুয়াড়ি, চোরাচালানকারী, কিশোর গ্যাংয়ের সদস্য, দালাল, ভেজাল খাদ্য প্রস্তুতকারী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।
 

ঢাকা/রাহাত/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়