মাদকাসক্ত ছেলে কুপিয়ে মারল বৃদ্ধ বাবাকে
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মোহাম্মদ মিনার
কক্সবাজারের চকরিয়ায় দোকানে বসতে নিষেধ করায় শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।
শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের পানখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
নিহত খলিলুর রহমান (৭৫) ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত ছেলে মোহাম্মদ মিনার (২৮) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন খলিলুর রহমান। এর আগে দুপুরে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে বসতে চাইলে মিনারকে তিনি নিষেধ করেন। মাদকাসক্ত হওয়ায় তাকে দোকানে বসতে দেওয়া হবে না বলে তিনি জানান। এতে ক্ষিপ্ত হয়ে মিনার ধারালো অস্ত্র দিয়ে খলিলুর রহমানের মাথা, গাল ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলার সময় খলিলুর রহমানের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় মিরকাত হোসেন জানান, মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগও করেছিলেন খলিলুর রহমান। ওই মামলায় আদালতের নির্দেশে কিছুদিন কারাভোগের পর সম্প্রতি জামিনে বের হয়ে আবারও মাদকে জড়িয়ে পড়ে মিনার। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা মিনারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মিনার পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
ঢাকা/তারেকুর//
এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে: প্রধানমন্ত্রী