কুষ্টিয়ায় ট্রেনের ছাদে মিলল যুবকের মরদেহ
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে নুরুল ইসলাম (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে জানা গেছে তার বাড়ি চট্টগ্রাম। তিনি জেলার বাঁশখালী থানাধীন সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবন এক্সপ্রেস কুষ্টিয়া মিল লাইন রেলগেট ক্রস করার সময় ঈদের জন্য নির্মাণাধীন প্যান্ডেলের উপর থেকে ডেকোরেটরের শ্রমিকেরা ট্রেনের ছাদে ওই যুবককে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা রেলওয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে যুবকের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, যুবকের বুকে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। মরদেহের পকেটের মধ্যে জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাজবাড়ি স্টেশন পার হয়ে ছোট ছোট যে ব্রিজ আছে সেখানে ধাক্কা লেগে সে মারা গেছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া আড়াই’শ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা/কাঞ্চন//
এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে: প্রধানমন্ত্রী