কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৪
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত চারজন আহত হয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বকুল, সুমন, আকাইলী ও কদভানু। তাদের মধ্যে বকুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাতারপাড়া গ্রামের মালিথা বংশ ও মন্ডল বংশের মধ্যে জমিজমা এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার দুপুরে মালিথা বংশের কয়েকজন সদস্য ও সমর্থক একত্রিত হয়ে প্রতিপক্ষ মন্ডল বংশের আব্দুল হান্নানের ছেলে কর্নেলের কৃষিকাজে ব্যবহৃত সেচ মোটর (ডিপ) ঘরে তালা লাগিয়ে দেন এবং তার বাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টা চালান বলে অভিযোগ।
এ সময় কর্নেল ও তার সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। একপর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে বকুলের পায়ে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, “দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।”
ঢাকা/কাঞ্চন/রাজীব
এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে: প্রধানমন্ত্রী