ঈদ আনন্দ বিষাদে রূপ নিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, নিহত ১৬
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
ঈদসহ বিভিন্ন উৎসবে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি মানুষের আনন্দ-উল্লাসও বেড়ে যায়। কখনো কখনো যানজটে দুর্ভোগ পোহাতে হলেও বাড়ি ফেরার আনন্দের তুলনায় সেটিকে কিছুই মনে করেন না যাত্রীরা। তবে এবারের ঈদযাত্রা এক নিমিষেই বিষাদে পরিণত হয়েছে। মহাসড়কে ট্রাক উল্টে ১৫ জনসহ পৃথক ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আনন্দ-উল্লাসের পরিবর্তে এখন শুধুই লাশের সাড়ি। চার পাশে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের ১৫ জনের মধ্যে ৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নওগা জেলার মান্দা উপজেলার রাজেন্দ্র বাড়ি এলাকার সাকিম মিয়ার ছেলে সাগর মিয়া, একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, রাজশাহীর তানুর উপজেলার বাতানপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নজরুল, মামুন, নওগাঁর নেয়ামতপুর মালঞ্চী এলাকার সাইদুলের ছেলে সারিকুল।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
দুর্ঘটনায় বেঁচে ফেরা নওগা জেলার মান্দা উপজেলার রাব্বানি বলেন, চট্টগ্রামের অলংকার থেকে রবিবার সন্ধ্যার দিকে আমরা রওনা হই। ট্রাকের মধ্যে কেউ জেগে ছিল, কেউ ঘুমিয়ে ছিল। আমি নিজেও ঘুমিয়ে ছিলাম। ভোরে যখন দুর্ঘটনা হয়, আমি ছিটকে পড়ে যাই।আমার চাচা, চাচাতো ভাই ও বন্ধুরা মারা গেছেন। আমি হকারের কাজ করি, ঈদের জন্য বাড়ি ফিরছিলাম।
নিহত এক ব্যক্তির স্বজন মলিনা বেগম বলেন, আমার চাচাতো ভাই মারা গেছেন। আমাদের ঈদ আনন্দ আর নেই। আমার চাচা ভাইয়ের মৃত্যুর খবর শুনে বার বার মুর্ছা যাচ্ছেন। সরকারিভাবে সহযোগিতা পেলে আমাদের মতো গরীব মানুষের অনেক উপকার হয়।
স্থানীয় বাসিন্দা বুলবুল সরকার বলেন, ভোরে এই দুর্ঘটনা ঘটে। শব্দ শোনার পরপরই লোকজন ঘটনাস্থলে আসে। এমন দুর্ঘটনা কখনো দেখি নাই। একসঙ্গে ১৫ জনের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গােপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান বলেন, আজ ভোরে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। তারা সবাই উত্তরবঙ্গগামী যাত্রী ছিলেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করছি।
এদিকে, যমুনা সেতুর পূর্বপাড়ের গোলচত্বর এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. মোস্তাফিজুর রহমান (৩২) নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা/কাওছার/ফিরোজ
হাম ও উপসর্গে মৃত্যু ১৭, মোট মৃত্যু সাড়ে ৫০০ ছুঁইছুঁই