কত টাকায় বিক্রি হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে লালগালিচায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেলে মহিষ ডোনাল্ড ট্রাম্পের ক্রেতা মহিষটিকে নিতে এলে লালগালিচায় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানায় মালিকপক্ষ রাবেয়া এগ্রো ফার্ম কর্তৃপক্ষ।
এদিন রাবেয়া এগ্রো ফার্মের মালিক ও কর্মচারীরা ডোনাল্ড ট্রাম্পকে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেয়। মহিষ ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রংয়ের কালার স্মোক উড়িয়ে লালগালিচায় হাঁটিয়ে বিদায় জানায়। এ সময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অপরদিকে, ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা বন্ধু ও স্বজনরা।
এর আগে, আলোচিত এই মহিষটি দেশি-বিদেশি মিডিয়ায় রীতিমতো ঝড় তোলে। দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে মহিষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখেন।
জানা গেছে, নারায়ণগঞ্জের রাবেয়া ফার্মে লালন-পালন করা হয় মহিষটিকে। পরে ৭০০ কেজি ওজনের আলোচিত মহিষটিকে ৫৫০ টাকা কেজি দরে কিনে নেন জিনজিরার বাসিন্দা সামির। সে হিসাবে মহিষটির দাম পড়েছে ৩ লাখ ৮৫ হাজার টাকা। ভাইরাল হয়ে যাওয়ার পর ঢাকা ছাড়াও বরিশাল, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা মহিষটিকে দেখতে আসেন। তবে আগেই বিক্রি হয়ে যাওয়ায় কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন অনেকে।
মহিষটির ক্রেতা সামির বলেন, “আমি অনেক আগেই এটি কিনেছিলাম। পরে হঠাৎ দেখি এটি ভাইরাল হয়ে গেছে।”
রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, “ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে কষ্ট লাগলেও কোরবানির মূল শিক্ষাই হলো ত্যাগ। আমরা আজীবন এই মহিষটিকে মনে রাখব।”
ঢাকা/অনিক/রাজীব
দেশে হাম ও হামের উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু