উত্তরায় মেট্রো স্টেশনের নিচ থেকে পশুর হাট অপসারণ, ইজারাদারকে পুলিশের সতর্কবার্তা
এ বছর রাজধানীর সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বসেছে উত্তরার দিয়াবাড়ীতে। হাটে বিপুল পরিমাণ পশুর সমাগম হওয়ায় নির্ধারিত সীমানা ছাড়িয়ে প্রধান সড়ক ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু বেঁধে রেখেছিলেন বিক্রেতারা। এতে সংশ্লিষ্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে।
এমন অবস্থায় দিয়াবাড়ী পশুর হাটে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ। মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে অবৈধভাবে পশু বেঁধে রাখার ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের এই তৎপরতায় ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সবচেয়ে বড় ও সর্বোচ্চ ইজারামূল্যের পশুর হাট হিসেবে এবার দিয়াবাড়ী পশুর হাট ব্যাপকভাবে জমে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক ও নৌপথে বিপুলসংখ্যক কোরবানির পশু আনা হয়েছে। বিশেষ করে বড় আকৃতির গরুর সমাগম ক্রেতাদের ব্যাপক আকর্ষণ করছে।
তিনি বলেন, “তবে হাটের নির্ধারিত সীমানার বাইরে প্রধান সড়ক ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু রাখায় যানজটের সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় ডিএমপি উত্তরা বিভাগ সড়ক দখলমুক্ত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশু সরিয়ে বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।”
তিনি বলেন, “হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে। সড়কে হাট বসানো বা পশু রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।”
নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে বলেও জানানো হয়।
ঢাকা/মাকসুদ/সাইফ
দেশে হাম ও হামের উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু