ঢাকা     বুধবার   ২৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৩ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ২৭ কি‌লো‌মিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ২৭ মে ২০২৬   আপডেট: ০৯:০১, ২৭ মে ২০২৬
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ২৭ কি‌লো‌মিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি

অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কের ২৭ কিলোমিটার এলাকা জুড়ে যানজ‌ট সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। 

মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত থেকে বুধবার (২৭ মে) সকাল পর্যন্ত যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার ঘারিন্দা বাইপাস পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হ‌য়।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখী মানুষরা। এ সময়ে বৃষ্টি হওয়ায় ভোগান্তি আরো বেড়েছে। বিশেষ করে, নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে। 

মৌচাক থেকে আসা পাবনাগামী আফাজ মিয়া বলেছেন, “চন্দ্রা থেকে যানবাহনে ধীর গতি। টাঙ্গাইল থেকে যানজট। দেড় ঘণ্টার সড়ক আসতে সময় লেগেছে প্রায় সাড়ে ৫ ঘণ্টা। পৌলিতে এসেও আটকে আছি।” 

আরেক যাত্রী খোদেজা বেগম বলেন, “আমি নাটোরে যাব। ঢাকার মৌচাক থেকে ধীর গতি। টাঙ্গাইলের ঘারিন্দার পর থেকে যানজট। ৯ ঘণ্টাতেও টাঙ্গাইল পার হতে পারলাম না।”

মোন্নাফ মিয়া বলেন, “কোনো বাসেই আসন ফাঁকা নেই। দাঁড়ানোর জায়গাও নেই। বাধ্য হয়ে তিন গুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে যাচ্ছি। এখানেও যানজটে কষ্ট হচ্ছে।”

যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেছেন, “রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে একটু জটলা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হবে।”

টাঙ্গাইলের বাসিন্দা মুহাম্মদ শামসুল আলম সরকার বলেছেন, “ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে পুরো সড়কেই যানবাহনের চাপ রয়েছে। বৃষ্টির কারণে ধীর গতিতে চলছে।”

ঢাকা/কাওছার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়