ঢাকা     বুধবার   ২৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৩ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাতিদার ঝড়ে বিধ্বস্ত গুজরাট, আইপিএলের ফাইনালে কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২৭ মে ২০২৬  
পাতিদার ঝড়ে বিধ্বস্ত গুজরাট, আইপিএলের ফাইনালে কোহলি

রজত পাতিদার

দুঃসময়ে চাপ যতই বাড়ে, ঠিক তখনই যেন নিজের সেরাটা বের করে আনেন রজত পাতিদার। কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরে দাঁড়িয়ে যাওয়াই যেন তার অন্যতম বড় গুণ। যখন সবাই আশা হারাতে বসে, তখনই ব্যাট হাতে জ্বলে উঠে তিনি প্রমাণ করেন, সত্যিকারের খেলোয়াড়রা দুঃসময়েই নিজেদের আলাদা করে চেনায়।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার এমনই একটি দিন কাটালেন রয়‌্যাল চ‌্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। তার ৩৩ বলে ৫ চার ও ৯ ছক্কায় সাজানো ৯৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে বেঙ্গালুরু ৫ উইকেটে ২৫৪ রান করে। জবাব দিতে নেমে গুজরাট টাইটান্স ১৬২ রানে গুটিয়ে যায়।

আরো পড়ুন:

৯২ রানের বিশাল জয়ে শিরোপা ধরে রাখার মিশনের ম‌্যাচ ফাইনালে চেলে গেছে বেঙ্গালুরু। বিরাট কোহলি আরেক বার আইপিএলের ফাইনালে। গত আসরে প্রথমবার আইপিএলের শিরোপা জিতেছিলেন বিরাট। এবার আবার ফাইনালে সময়ের অন‌্যতম সেরা ক্রিকেটার। শিরোপা কি নিজের ঘরে রেখে দিতে পারবেন কোহলি? কোহলিকে এই উপলক্ষ‌্য এনে দিয়েছেন অধিনায়ক রজত পাতিদার।

ধর্মশালায় টস হেরে ব‌্যাটিং করতে নেমে ৮.২ ওভারে ৯৩ রানে ২ উইকেট হারায় বেঙ্গালুরু। তখন ক্রিজে আসেন পাতিদার। এক বল পরই দেবদূত পাডিকাল সাজঘরে। এর আগে বিরাট ২৫ বলে ৪৩ রানে আউট হন। ৭ বলে ১৯ রান করে থেমে যান ভেঙ্কটেশ আইয়ার।

দল তখন বিপদে। সেখান ঢাল হয়ে দাঁড়ান পাতিদার। ক্রুনাল পাণ্ডিয়াকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৪৭ বলে ৯৫ রান যোগ করেন। শুরুতে একটু সময় নিলেও থিতু হওয়ার পর পাতিদারকে আর থামানো যায়নি। ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে কাটিয়ে ৯ ছক্কায় মাঠ মাতিয়ে তোলেন।

২১ বলে পঞ্চাশে পৌঁছাতেই ৫টি ছক্কা ও ৩টি চার মারেন। মারমুখী এই ব‌্যাটিংয়েই সেঞ্চুরির পথে চলে যান। কিন্তু, ইনিংসের শেষ ওভারে ফুলটস মিস করে সেঞ্চুরিবঞ্চিত হন তিনি। ২৮১.৮১ স্ট্রাইক রেটে পাতিদার স্রেফ বিধ্বস্ত করে দেন গুজরাট টাইটান্সকে। শেষ ১৯ বলে তার ব‌্যাট থেকে আসে ৭১ রান। ক্রুনাল ২৮ বলে ৪৩ ও জিতেশ ৫ বলে ১৫ রান তুলে স্কোরবোর্ড সমৃদ্ধ করেন।

বিশাল লক্ষ‌্য তাড়া করতে নেমে গুজরাটের ব‌্যাটিং তাসের ঘরের মতো ভেঙে যায়। বদলি হিসেবে নামা রাহুল টেউটিয়া সর্বোচ্চ ৬৮ রান করেন ৪৩ বলে। ৮ চার ও ৪ ছক্কা ছিল তার ইনিংসে। এছাড়া, জস বাটলার করেন ২৯ রান। বাকিরা ক্রিজে গেছেন আর ফিরেছেন।

বল হাতে জ‌্যাকব ডাফি ৩৯ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, রাশিক সালাম ও ক্রুনাল পান্ডিয়া। ম‌্যাচ সেরা নির্বাচিত হন রজত পাতিদার।

আগামী ৩১ মে আহমেদাবাদে হবে টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালে বেঙ্গালুরুর প্রতিপক্ষ কে? তা জানতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ঢাকা/ইয়াসিন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়