ঢাকা     বুধবার   ২৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৩ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শের-ই-বাংলা মেডিকেলের পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ২৭ মে ২০২৬  
শের-ই-বাংলা মেডিকেলের পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের পুকুর থেকে ১০ বছর বয়সি দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে মেডিকেল কলেজের সেন্ট্রাল মসজিদের সামনের পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃত শিশু দুটির মধ্যে মো. আরাফাত মল্লিক (১০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে ও ঢাকার একটি মাদ্রাসার ছাত্র এবং আকাশ (১০) ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লাল এর ছেলে ও বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

আকাশের চাচা মাসুদ জানিয়েছেন, আকাশ তাদের সঙ্গে বরিশাল নগরের বান্দ রোডস্থ চরের বাড়ি এলাকায় বাস করত। দুপুরে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয় সে। এর পর রাতে স্থানীয়দের মাধ্যমে মেডিকেল কলেজের পুকুর থেকে আকাশের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

অপরিদেক, আরাফাত মল্লিক মামা সুরুজ জানান, আরাফাত বাবা-মায়ের সাথে ঢাকায় থাকত। কোরবানির ঈদ উপলক্ষে সে বরিশালে তার (মাম) বাড়িতে বেড়াতে এসেছে। দুপুরে সে আকাশের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়। এর পর খোঁজাখুঁজি করে জানা যায়, দুপুরে তারা গোসলের জন্য মেডিকেল কলেজের পুকুরে নেমেছিল। সেই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পুকুরের ঘাটলাতে আসেন তারা। এর পর ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা শিশু দুটির মরদেহ বুঝে নিয়েছেন।

ঢাকা/পলাশ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়