টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে কিশোর নিহত
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গাজীপুরের একটি দোকানে সেপটিক ট্যাংক বিস্ফোরণে রুদ্র দত্ত (১৫) নামে এক কিশোর মারা গেছে।
মঙ্গলবার (২৬ মে) রাত ১১টার দিকে টঙ্গী বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মারা যাওয়া রুদ্র টঙ্গী বাজারের ‘রুদ্র জুয়েলারী ওয়ার্কস’-এর মালিক গৌতম দত্তের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী বাজারের সালেহা মার্কেট ভবনের নিচতলায় অবস্থিত রুদ্র জুয়েলারী ওয়ার্কস অবস্থিত। এটি একটি সেপটিক ট্যাংকের ওপর নির্মিত। রাতে হঠাৎ বিকট শব্দে ট্যাংকটি বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দোকানের ভেতরে থাকা রুদ্র গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক কিশোর নিহত হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/রেজাউল/মাসুদ
দেশের বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে ঈদ