ঢাকা     বুধবার   ২৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৩ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফ্রিজে মাংস সংরক্ষণে যেসব ভুল করলেই মারাত্মক ক্ষতি

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ২৭ মে ২০২৬   আপডেট: ১১:২৩, ২৭ মে ২০২৬
ফ্রিজে মাংস সংরক্ষণে যেসব ভুল করলেই মারাত্মক ক্ষতি

গরু ও খাসির মাংস আলাদা চিহ্নিত করে ফ্রিজে রাখুন। ছবি: ইয়াহু থেকে নেওয়া

পবিত্র ঈদুল আজহা মানেই কোরবানির মাংস ভাগাভাগি, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মাঝে বিতরণ, আর নিজের জন্য কিছু মাংস দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা। কর্মব্যস্ত জীবনে বেশিরভাগ মানুষই ফ্রিজে মাংস সংরক্ষণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে সঠিক নিয়ম না মেনে টাটকা মাংস ফ্রিজে রাখলে তা দ্রুত নষ্ট হতে পারে, কমে যেতে পারে পুষ্টিগুণ, এমনকি দেখা দিতে পারে ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়ার মতো সমস্যাও।

অনেকেই মনে করেন, শুধু পলিথিন ব্যাগে ভরে মাংস ডিপ ফ্রিজে রাখলেই তা দীর্ঘদিন ভালো থাকে। কিন্তু বাস্তবে মাংস কাটা, ধোয়া, প্যাকেট করা এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণের সঠিক নিয়ম না মানলে মাংসের স্বাদ, গন্ধ ও পুষ্টিমান নষ্ট হয়ে যেতে পারে। তাই জেনে নেওয়া জরুরি— সঠিকভাবে মাংস সংরক্ষণ না করলে কী হতে পারে এবং কোন উপায়ে মাংস দীর্ঘদিন ভালো রাখা যায়?

আরো পড়ুন:

ভুলভাবে মাংস সংরক্ষণ করলে যে ক্ষতি

আমেরিকান এগ্রিকালচার ডিপার্টমেন্টের (ইউএসডিএ) নির্দেশনা অনুযায়ী, ফ্রিজে রাখা মাংসে মূলত দুই ধরনের অণুজীব জন্মাতে পারে। এক. প্যাথোজেনিক মাইক্রোবস। কাঁচা মাছ বা মাংসে জন্মানো এসব ব্যাকটেরিয়া অত্যন্ত বিপজ্জনক। মাংস ঠিকভাবে পরিষ্কার না করা, রক্ত লেগে থাকা বা সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করলে এতে থাকা জীবাণু দ্রুত বংশবিস্তার করতে পারে। এসব জীবাণু ডায়রিয়া, বমি, জ্বরসহ নানা খাদ্যজনিত রোগের কারণ হতে পারে।

দুই. স্পয়লেজ মাইক্রোবস। এ ধরনের ব্যাকটেরিয়া সাধারণত মাংসের রং, গন্ধ, স্বাদ ও গঠন নষ্ট করে দেয়। যদিও এদের কারণে গুরুতর অসুস্থতার ঝুঁকি তুলনামূলক কম, তবুও মাংস দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। বর্তমানে মাংস সংরক্ষণের সবচেয়ে সহজ ও জনপ্রিয় পদ্ধতি হলো ফ্রিজিং। 

ফ্রিজে মাংস সংরক্ষণের সঠিক নিয়ম

গরু, খাসি, মহিষ কিংবা মুরগির মাংস সংরক্ষণের ক্ষেত্রে ইউএসডিএ’র নির্দেশনা হলো, মাংসকে শূন্য ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। এতে ক্ষতিকর জীবাণুর কার্যক্রম কমে যায় এবং মাংস দীর্ঘদিন ভালো থাকে।

১. ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন: মাংস বাসায় এনে ভালোভাবে ধুয়ে রক্ত ও ময়লা পরিষ্কার করতে হবে। রক্ত লেগে থাকলে দুর্গন্ধ হতে পারে এবং ব্যাকটেরিয়া জন্মাতে পারে। একই সঙ্গে যে জায়গায় মাংস পরিষ্কার করা হবে সেখানে অন্য খাবার বা সবজি রাখা যাবে না। এতে ক্রস কনটামিনেশন হওয়ার ঝুঁকি থাকে।

২. ফ্রিজ পরিষ্কার রাখুন: মাংস রাখার আগে ফ্রিজের ড্রয়ার ও চেম্বার ভালোভাবে পরিষ্কার করে নিন। কাঁচা মাংস সরাসরি ফ্রিজে ফেলে রাখা ঠিক নয়।

৩. নিরাপদ প্যাকেট ব্যবহার করুন: জিপলক বা ভ্যাকুয়াম সিলড ব্যাগ ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। এতে বাতাস কম ঢোকে এবং মাংস বেশি দিন ভালো থাকে।

৪. ছোট ছোট টুকরা করে রাখুন: বড় টুকরার বদলে ছোট স্লাইস বা ছোট টুকরা করে রাখলে সংরক্ষণ সহজ হয়। হাড় থেকে আলাদা করে রাখলেও ভালো থাকে।

৫. অল্প অল্প করে প্যাকেট করুন: আধা কেজি বা সর্বোচ্চ ১ কেজি করে আলাদা প্যাকেট করুন। তাহলে প্রয়োজনমতো একবারেই বের করে রান্না করা যাবে। দুই প্যাকেটের মাঝে কিছুটা দূরত্ব রাখলে ঠান্ডা বাতাস চলাচল করতে পারে। এ সময় গরু, খাসির মাংস আলাদা চিহ্নিত করে রাখুন। মাংসের স্বাদ, গন্ধ ও রং ঠিক রাখতে অল্প লবণ ছিটিয়ে রাখা যেতে পারে।

যেসব ভুল করা যাবে না

১. বারবার গলিয়ে আবার ফ্রিজে রাখা: অনেকে বড় প্যাকেট বের করে কিছু মাংস নিয়ে বাকিটা আবার ফ্রিজে রাখেন। এটি একেবারেই ঠিক নয়। এতে মাংসের পুষ্টিগুণ নষ্ট হয় এবং দ্রুত পচে যেতে পারে।

২. রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাংস রাখা: রান্না করা খাবার ও কাঁচা মাংস একসঙ্গে রাখা যাবে না। এতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে।

৩. গরম পানিতে মাংস গলানো: মাংস সরাসরি পানিতে ভেজাবেন না। পলিথিনসহ স্বাভাবিক তাপমাত্রার পানিতে রাখুন। গরম পানি ব্যবহার করলে মাংসের গুণাগুণ নষ্ট হতে পারে। সবচেয়ে ভালো হয়, আগের রাতে ডিপ ফ্রিজ থেকে বের করে সাধারণ ফ্রিজে রেখে দিলে ধীরে ধীরে থয়িং প্রক্রিয়ায় মাংস গলে যাবে।

ফ্রিজে মাংস কতদিন ভালো থাকে?

সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করলে মাংস ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত ভালো থাকতে পারে। ফ্রিজের তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে রাখা ভালো। উল্লেখ্য, স্বাস্থ্যঝুঁকি এড়াতে ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে অবশ্যই স্বাস্থ্যকর উপায়ে মাংস সংরক্ষণ করুন।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়