ঢাকা     বুধবার   ২৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৩ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গরু ছাগলে ব্যর্থ হয়ে দুম্বায় সফল রকিবুল

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ২৭ মে ২০২৬  
গরু ছাগলে ব্যর্থ হয়ে দুম্বায় সফল রকিবুল

রকিবুল ইসলাম শখের বশে দুম্বা পালন শুরু করেন। প্রথমে দুটি দিয়ে শুরু করে এখন তার খামারে দুম্বার সংখ্যা ১৫। তার এমন উদ্যোগ স্থানীয় অনেকের অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। 

রকিবুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা। তার খামারে ১২০ কেজি ওজনের দুম্বা রয়েছে। কোরবানি ঈদে বিক্রির জন্য তিনি দাম হাঁকিয়েছেন ৪ লাখ টাকা। তিনি বলেন, “আগে ছাগল, গরু ও মহিষের খামার ছিল। মহিষ পালনে অতিরিক্ত পরিশ্রম ও ঝামেলার কারণে অসুস্থ হয়ে পড়ি। পরে দুম্বা পালন শুরু করি। প্রথমে আশঙ্কা ছিল, কিন্তু এখন সফলতা পেয়েছি।”

পেশায় মাদ্রাসা শিক্ষক রকিবুলের এই উদ্যোগ শুধু অর্থনৈতিকভাবে লাভজনক নয়, সহকর্মী ও শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা। তার সহকর্মী ইমদাদুল হক ইমরান বলেন, “দুম্বা জান্নাতি প্রাণী। হযরত ইব্রাহিমের (আ.) কোরবানির স্মৃতি বিজড়িত এ প্রাণী। আমিও পরিবার নিয়ে দুম্বা পালন শুরু করতে চাই।’’

সাধারণ ভেড়ার চেয়ে আকারে বড়, আকর্ষণীয় গঠন ও পেছনে ভারী চর্বি থাকার কারণে দেখার জন্য অনেকে রকিবুলের খামারে আসেন। ঈদ উপলক্ষে দর্শনার্থীর পাশাপাশি ত্রেতাও আসছেন। দর্শনার্থী মনিরা জানান, “কখনো দুম্বা কাছ থেকে দেখিনি। হুজুরের এই ব্যতিক্রমী উদ্যোগ দেখে আমরা খুব আনন্দিত।’’

স্থানীয় প্রাণিসম্পদ অধিদপ্তরও এই উদ্যোগ ইতিবাচকভাবে দেখছে। মিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহিল কাফি বলেন, “দুম্বা বাংলাদেশের আবহাওয়ায় খাপ খাচ্ছে। শুধু পালন নয়, ব্রিডিংও হচ্ছে। আমরা খামারিদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তত।’’

রকিবুলের অক্লান্ত পরিশ্রমের এই গল্প স্থানীয় তরুণ খামারিদের সম্ভাবনা দেখাচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এমন উদ্যোগ দেশের অর্থনীতি ও বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। 

ঢাকা/কাঞ্চন//

সর্বশেষ

পাঠকপ্রিয়