গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
কালীগঞ্জে কিশোরীকে ধৰ্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের কালীগঞ্জে ১৩ বছর বয়সী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আবদুর রহিম (৬০) নামে বৃদ্ধকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। কিশোরীটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। স্থানীয়দের হাতে আটক হওয়ার পর আবদুর রহিমকে সোমবার (২৬ মে) রাতে পুলিশে সোপৰ্দ করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আবদুর রহিম কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের মৃত ওহাব আলীর ছেলে। পেশায় তিনি রিকশাচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মা স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কর্মরত। প্রতিদিনের মতো গত বছর ৪ নভেম্বর রাতে তিনি কাজে যান। এ সময় তিনি মেয়েকে বাসায় রেখে যান। অভিযোগ রয়েছে, সেই সুযোগে প্ৰতিবেশী আবদুর রহিম ঘরে ঢুকে প্রথমে প্রলোভন দেখান এবং পরে ভয় দেখিয়ে কিশোরীকে ধৰ্ষণ করেন। ঘটনা কাউকে জানালে প্ৰাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এরপর বিভিন্ন সময় একই কৌশলে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন আবদুর রহিম। দীর্ঘদিন ভয় ও আতঙ্কে মুখ বন্ধ রাখলেও একপর্যায়ে কিশোরীর শারীরিক পরিবর্তন স্থানীয়দের নজরে আসে। পরে জানতে চাওয়া হলে কিশোরী অভিযুক্তের নাম প্ৰকাশ করে। এতে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
সোমবার রাতে স্থানীয় জনতা আবদুর রহিমকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকৰ্তা মো. জাকির হোসেন জানান, ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্ৰাপ্ত তথ্য-প্ৰমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্ৰহণ করা হবে।
ঢাকা/রফিক//
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু