বৈরী আবহাওয়ায় বন্ধ থাকার পর সদরঘাটে লঞ্চ চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বৈরী আবহাওয়ার কারণে আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর সদরঘাট থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতির উন্নতি হলে পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে। তবে লঞ্চগুলোকে কিছুটা বিলম্বে ছেড়ে যেতে দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদরঘাট কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
সদরঘাট ঘুরে দেখা যায়, সকাল থেকে বৃষ্টি ও এবং নদীতে বাতাসের চাপ বাড়ায় যাত্রী ও লঞ্চ কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিশেষ করে দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা লঞ্চ ছাড়ার সময় নিয়ে অনিশ্চয়তায় পড়েন।
বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই সাময়িকভাবে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে আবহাওয়া কিছুটা অনুকূলে আসায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়।
তবে ভোলা ও বরিশালগামী কয়েকটি লঞ্চকে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে ছেড়ে যেতে দেখা গেছে। অন্যদিকে চাঁদপুরগামী লঞ্চগুলো নির্ধারিত সময়েই ছেড়ে গেছে।
এদিকে ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফেরা মানুষ লঞ্চ টার্মিনালে এসে পড়েছেন বিপাকে। বরিশালগামী সুন্দরবন-১৫ লঞ্চের যাত্রী মো. মনসুর বলেন, “সকালে এসে শুনি লঞ্চ বন্ধ। আবহাওয়া খারাপ থাকায় কিছুটা আতঙ্কও কাজ করছে। লঞ্চ থেকে জানানো হয়েছে দুপুর ১টায় ছাড়বে।’’
ভোলাগামী যাত্রী শাহিনা বেগম বলেন, “ঈদের আগে বাড়ি যাচ্ছি। দেরি হলেও নিরাপদে যেতে পারলে হয়। ফলে অপেক্ষা করা ছাড়া উপায় নাই।’’
লঞ্চ মালিক সমিতির সদস্য আবদাল হোসেন বলেন, আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রেখেই নৌযান চলাচল পরিচালনা করা হচ্ছে। যাত্রীদের আতঙ্কিত না হয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
ঢাকা/এমএসবি/
দেশের বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে ঈদ