ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁও সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ৬ জুন ২০২৬   আপডেট: ১৩:৩৪, ৬ জুন ২০২৬
ঠাকুরগাঁও সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

বিজিবির সঙ্গে সীমান্ত পাহারায় স্থানীয় বাসিন্দারা।

সারা দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইন নিয়ে উদ্বেগের মধ্যে ঠাকুরগাঁও সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য যেকোনো অনুপ্রবেশ বা ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করতে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের সঙ্গে সীমান্ত পাহারায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও।

শুক্রবার (৫ জুন) রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্ত এলাকা ঘুরে দেখা যায়, বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় জনগণও সীমান্তে নজরদারি কার্যক্রমে অংশ নিচ্ছেন। 

আরো পড়ুন:

বিজিবি জানায়, অবৈধভাবে যাতে কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে টহল কার্যক্রম, স্থাপন করা হয়েছে বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থা। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতে মাইকিং ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা দেখা গেলে তাৎক্ষণিকভাবে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে প্রস্তুত আছেন তারা। 

এদিকে, সীমান্ত এলাকায় জনসাধারণের এই অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তজুড়ে চলমান এই কঠোর নজরদারি ও জনসম্পৃক্ততার ফলে ঠাকুরগাঁও সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়দের সাথে নিয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়