স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
স্ত্রী রিয়া মনিকে হত্যায় অভিযুক্ত রনি ইসলাম।
ঢাকার সাভারে সদ্য গঠিত পৌর ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়া এক ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে সাভারের ছায়াবীথি মহল্লার একটি বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে রিয়া মনির (২১) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
অভিযুক্ত ছাত্রদল নেতা রনি ইসলাম (২২) কুষ্টিয়ার ইবি থানার ফকিরপাড়া এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে সাভারের ছায়াবীথি মহল্লায় বসবাস করছিলেন তিনি। রনি সদ্য গঠিত পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন এই নেতা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে ওই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন রনি ও তার স্ত্রী রিয়া মনি। গত ৫ জুন সদ্য গঠিত সাভার পৌর ছাত্রদলের কমিটিতেও সহ সাধারণ সম্পাদক হিসাবে ১৩২ নম্বর ক্রমিকে নাম রয়েছে তার। স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, গত রাতে স্ত্রীকে হত্যার পর মরদেহ ঘরের ভিতরে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান তিনি। এরপর নিজেই পরিবারের সদস্যদের বিষয়টি অবগত করেন। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। তারা সোমবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে গেছেন অভিযুক্ত। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ঢাকা/সাব্বির/মাসুদ