সংবাদে সাড়া, রাতভর অভিযানে উধাও বিদ্যালয়ের পাশের ভাগাড়
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অবশেষে সরানো হয়েছে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশের ময়লার ভাগাড়। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবস্থিত বিদ্যালয়টির পাশে ভাগাড় নিয়ে রাইজিংবিডিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসনের তৎপরতায় পুরো এলাকা আবর্জনামুক্ত করা হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল থেকে রাত পর্যন্ত চলে পরিচ্ছন্নতা কার্যক্রম। অভিযানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের জানালার গা ঘেঁষে জমে থাকা বর্জ্য, বাজারের আবর্জনা এবং অন্যান্য ময়লা অপসারণ করা হয়। এভাবে পুরো এলাকা পরিষ্কার করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়।
স্থানীয় সূত্র জানায়, কাপাসিয়া-শ্রীপুর আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত বিদ্যালয়টির কয়েকটি শ্রেণিকক্ষের পাশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হচ্ছিল। স্থানীয় বাজারের পচনশীল বর্জ্য ও গৃহস্থালির আবর্জনা জমে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। দুর্গন্ধে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছিল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযানের মাধ্যমে জমে থাকা সব আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে। বর্তমানে বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, বিদ্যালয়সংলগ্ন স্থানটি এখন সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে সেখানে যাতে আবার বর্জ্য ফেলা না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় নজরদারি রাখা হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ময়লার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। দ্রুত পদক্ষেপ নেওয়ায় এখন সবাই স্বস্তি অনুভব করছেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ভাগাড় অপসারণের ফলে বিদ্যালয় এলাকায় আগের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর ও স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। তারা ভবিষ্যতে স্থায়ীভাবে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে পুনরায় একই পরিস্থিতির সৃষ্টি না হয়।
ঢাকা/রফিক