সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন আর নেই
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১২ জুন) মধ্যরাত রাত পৌনে ২টার দিকে সিলেটের নগরীর ইবনে সিনা হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর।
সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, মরহুমের জানাজা শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় কানাইঘাট উপজেলার তালবাড়িস্থ নিজ এলাকায় অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কিছুদিন আগে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাত পৌনে ২টার দিকে তিনি মারা যান।
মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সিলেট-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্বও পালন করেছেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।
সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মরহুমের জানাজায় জামায়াতের নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের নেতারা উপস্থিত থাকবেন।
ঢাকা/রাহাত/মাসুদ