গাজীপুরে শনিবার থেকে ১৬ দলের ‘জিয়াউর রহমান গোল্ডকাপ’ শুরু
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুর ফুটবল উচ্ছ্বাসে ভাসছে। জেলার ক্রীড়াঙ্গনে উৎসবের আবহ তৈরি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে। শনিবার (২০ জুন) বিকালে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। মাদকবিরোধী সামাজিক সচেতনতার বার্তা নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ১৬টি দল অংশ নিচ্ছে।
গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দেখা যাবে দুই শক্তিশালী দলের লড়াই। দেশের অন্যতম ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপি মুখোমুখি হবে দিনাজপুরের শাইখ স্পোর্টসের।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনির। অনুষ্ঠানের উদ্বোধন করবেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং গাজীপুরের পুলিশ সুপার শরীফ উদ্দীন।
আয়োজক সূত্র জানায়, টুর্নামেন্ট ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খেলোয়াড়দের আবাসন, নিরাপত্তা, চিকিৎসাসেবা, দর্শক ব্যবস্থাপনা এবং মাঠ প্রস্তুতের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হান্নান মিয়া হান্নু ও সদস্য সচিব আব্দুর রহিম কালা জানান, প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দর্শক আকর্ষণ বাড়াতে রাখা হয়েছে উল্লেখযোগ্য পুরস্কার। চ্যাম্পিয়ন দল পাবে তিন লাখ টাকা ও ট্রফি, রানার্সআপ দল পাবে দুই লাখ টাকা ও ট্রফি। পাশাপাশি প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলরক্ষকের জন্য থাকছে পৃথক সম্মাননা।
টুর্নামেন্টকে কেন্দ্র করে শহীদ বরকত স্টেডিয়ামসহ আশপাশের এলাকা নতুন সাজে সেজেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে নির্মাণ করা হয়েছে বর্ণিল তোরণ। ব্যানার, ফেস্টুন এবং প্রচারণামূলক মাইকিংয়ে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে।
আয়োজকদের ভাষ্য, এই আয়োজনের উদ্দেশ্য শুধু প্রতিযোগিতা নয়; বরং তরুণদের মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, ইভটিজিং ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারা গড়ে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ঢাকা/রফিক//