‘বাবা একটি ভালোবাসার নাম’
আফসানা নওশিন দীপ্তি || রাইজিংবিডি.কম
বাবা একটা অনুভূতির নাম, একটা আবেগের নাম, একটু ভালোবাসার নাম, একটা বিশ্বাসের নাম, একটা ভরসার নাম। এই শব্দটা ক্ষুদ্র হলেও এর মর্মার্থ অনেক বেশি, এর গভীরতা অনেক বেশি। যার কাছে বাবা নেই, সেই বোঝে বাবা না থাকার কষ্ট।
বাবা না থাকা! মনে হয় যেন মাথার উপর থেকে কী যেন এক ভরসার ছায়া বুঝি সরে গেলো? প্রত্যেক বাবাই তার সন্তানের কাছে সুপার হিরো। আসলেই বাবারা সুপার হিরো হয়। চট করে সমস্যা সমাধান করে দেয়। নিজে কষ্ট করবে, তাও ছেলেমেয়েদের উপর কোনো ঝামেলা বা কষ্ট আসতে দেয় না।
আমার বাবার সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকমই বটে! ভালোবাসার চেয়ে অভিমান, রাগ, খুনসুটিই বেশি হয়। তারপরও মনের কোনো এক কোণায় লুকিয়ে আছে সুপ্ত এক ভালোবাসা। যা কখনো প্রকাশ করা হয়নি। বাবাকেও বলিনি। বুঝতেও দেইনি কাউকে। আজ বললাম। আমার বাবার জন্য আমার থেকে ছোট একটা মেসেজ। হয়তো বাবা দেখবে না তাও দেবো। ‘বাবা, অনেক রাগারাগি করি তোমার সাথে যার জন্য স্যরি। কিন্তু ভালোবাসাটা প্রকাশ করতে পারি না। মাফ করে দিও।’
সবাই বলে বাবা ছেলের চেয়ে বাবা মেয়ের সম্পর্কটাই অন্যরকম হয়। আসলে তাই মনে হয় সত্যি। বাবা মেয়ের সম্পর্কর তুলনাই নেই যেন। একজন বাবা শুধু তার ছেলেমেয়ের জন্য না, তার পুরো পরিবারের ছায়া। বাবার হাত ধরেই একটা পরিবার আস্তে আস্তে বড় হয়। অনেক ত্যাগ করেই বাবারা নিঃস্বার্থভাবে তার ছেলেমেয়েদের ছোট ছোট স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষাগুলো পূরণ করে।
বাবাদের এই নিঃস্বার্থ ভালোবাসার জন্যই হয়তো আজ আমরা এতটুকু আছি। বাবাদের ভালোবাসা কখনো শেষ হয় না, অমর থাকে। মনে আছে আমার, অ্যাডমিশনের সময় আমার বাবার কষ্টটা। কতটা কষ্ট হয়েছিল। তারপরও চোখে একটাই ইচ্ছা, তার মেয়ের স্বপ্ন। তাই হয়তো তার কষ্টটা প্রকাশ করেনি। ঘণ্টার পর ঘণ্টা এমনিই পার করে দিয়েছিল।
বৃষ্টিতে, কাঠফাটা রোদে অপেক্ষা করছিল। কখন শেষ হবে এই মুহূর্তটা। তারপরও যেন মনে একটাই ইচ্ছা স্বপ্ন পূরণের। আসলে বাবারা এমনই হয়। যাইহোক, পৃথিবীর সব বাবারা ভালো থাকুক, সুস্থ থাকুক, সন্তানের ছায়া হয়ে থাকুক। বাবাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আমার বাবা ও সব বাবাকে জানাই বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
লেখক: শিক্ষার্থী, লোক প্রশাসন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
জবি/হাকিম মাহি
রাইজিংবিডি.কম
রাশিয়া থেকে জ্বালানি কেনায় বিশেষ ছাড় পেতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ বাংলাদেশের