ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বন্যার্তদের মধ্যে ঢাবি রোভার স্কাউট গ্রুপের ত্রাণ বিতরণ  

জাহানুর ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১১:২৭, ১ সেপ্টেম্বর ২০২০
বন্যার্তদের মধ্যে ঢাবি রোভার স্কাউট গ্রুপের ত্রাণ বিতরণ  

কুড়িগ্রাম জেলার বানভাসী মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। 

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সোমবার (৩১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তবর্তী গ্রাম বারবান্দা, বড়াইবাড়ী ও চুলিয়ারচর গ্রামে অর্ধ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। 

উপহার হিসেবে চাল, আটা, ডাল ও লবণ বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোভার স্কাউট ও ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট মো. জাহিদুল ইসলাম জাহিদ, প্রথম আলো বন্ধুসভা কুড়িগ্রাম জেলার সভাপতি মো. জাহানুর রহমান খোকনসহ স্থানীয়রা। সার্বিক সহযোগিতায় ছিল বৃত্ত অপরাজেয়। 

উপহার পাওয়া একজন বলেন, হামরা এখন খুব মুসিবতে আছি বাহে। তোমরা এখন হামাক যে চাউল ডাউলগুলা দেনেন এগল্যা দিয়ে হামার ১০/১৫ দিন এমনেতেই চলি যাইবে। এই মঙ্গলের কথা কোনো দিনও ভুলবার নেই। আল্লাহ তোমারগুলার ভালো করুক।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক ও প্রধান রোভার স্কাউট লিডার মাহমুদুর রহমান বলেন, ‘বিভিন্ন এলাকার মতো রৌমারী উপজেলার মানুষ দীর্ঘ দিন ধরে বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে রৌমারীর বিভিন্ন পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে। আমরা সেই দায়বদ্ধতার জায়গা থেকে এই উদ্যোগটি হাতে নিয়েছি।’ 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রুপটি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 

ঢাবি/মাহি

সর্বশেষ

পাঠকপ্রিয়