ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ রাসেল ছিলেন প্রতিবাদের মূর্ত প্রতীক: শিক্ষামন্ত্রী

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ৩১ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:৪০, ৩১ অক্টোবর ২০২১
শেখ রাসেল ছিলেন প্রতিবাদের মূর্ত প্রতীক: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘৭৫ পরবর্তী সময়ে শেখ রাসেল অন্যায়ের প্রতিবাদের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।’ 

তিনি আরও বলেন, ‘ঘাতকরা জানতো শুধু শেখ মুজিবকে হত্যা করলেই তারা বাংলাকে পাকিস্তান বানাতে পারবে না। শেখ মুজিবের বংশধর কেউ জীবিত থাকলে তাদের উদ্দেশ্য সফল হবে না। তাই তারা শিশু শেখ রাসেলকেও সেদিন হত্যা করে। কিন্তু সেদিন দেশে না থাকায় প্রাণে বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।’

আরো পড়ুন:

রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শেখ রাসেল মডেল স্কুল’ উদ্বোধনকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা পৃথিবীতে বহু রাজনৈতিক হত্যাকাণ্ড দেখেছি, সেখানে শুধু যে রাজনৈতিক ব্যক্তিটি থাকেন, ক্ষমতা পরিবর্তনের জন্য অথবা রাজনৈতিক বিভিন্ন ফায়দা নেওয়ার জন্য হয়তো তাকে হত্যা করা হয়। অন্য কোথাও একজন মানুষকে সরিয়ে দেওয়ার জন্য তার পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার এমন ঘটনা ইতিহাসে বিরল। বঙ্গবন্ধু যখন তার স্বপ্নের বাংলাদেশ, যুদ্ধবিধ্বস্ত দেশকে এগিয়ে নিতে শুরু করলো, ঠিক সেই সময়ে একাত্তরের অপশক্তি তাদের দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের দোসরদের নিয়ে নৃশংসভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে।’

তিন আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবারকে কেন সেদিন হত্যা করলো? কারণ যারা হত্যাকারী ছিল, তারা পুরো বাংলাদেশকেই বদলে দিতে চেয়েছিল। শুধু বঙ্গবন্ধুকে হত্যা নয়, ক্ষমতার পরিবর্তনের জন্যই নয়, তারা বাংলাদেশ নামক রাষ্ট্রটির চরিত্র ও বৈশিষ্ট্য সবকিছু পাল্টে ফেলবার জন্য এই অপচেষ্টা চালিয়েছে। কারণ তারা ভিনদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল। তারা ছিল একাত্তরের পরাজিত অপশক্তি।’

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও চৌধুরী মো. জাকারিয়া, শিক্ষা  ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক চিত্ত রঞ্জন মিশ্র, শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ লিসাইয়া মেহ্জাবিন উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট সংলগ্ন ৩ দশমিক ৯৪ একর এলাকাজুড়ে নির্মিত হয়েছে শেখ রাসেল মডেল স্কুলের নতুন ভবন। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১২ কোটি ১১ লাখ ৮১ হাজার টাকা। ১৬টি শ্রেণিকক্ষ সম্পন্ন এই স্কুলে প্রায় ১ হাজার শিক্ষার্থী একযোগে ক্লাস করতে পারবে। স্কুলে ৮টি ব্যবহারিক গবেষণাগার, একটি করে লাইব্রেরি, একটি কম্পিউটার-আইটি ল্যাবসহ আরও নানা সুবিধা রয়েছে।

সাইফুর/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়